শাহবাগের আনন্দ বাজারে অভিযান, ১৫ দিনের মধ্যে অসঙ্গতি সংশোধনের নির্দেশ

ঢাকার শাহবাগের সেক্রেটারিয়েট রোডে অবস্থিত আনন্দ বাজারে সমন্বিত অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে মাছ, মাংস, মুরগি, শাক-সবজি ও মুদি দোকানে বিভিন্ন ধরনের অসঙ্গতি শনাক্ত করা হয়।

রবিবার (৩০ আগস্ট) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে মাছ ও মাংসের দোকানে লাল ও হলুদ রঙের আলো ব্যবহার করতে দেখা যায়। এসব আলো তাৎক্ষণিকভাবে অপসারণের ব্যবস্থা করা হয়। এ ছাড়া একটি দোকানে খাসির ভুঁড়ি অপরিচ্ছন্ন অবস্থায় পরিষ্কার ও প্রক্রিয়াজাত করতে দেখা যায়।

কিছু সবজির দোকানে নষ্ট সবজি শনাক্ত করা হয়। এ সময় বিক্রেতাদের তাজা ও সতেজ সবজি বিক্রি এবং পরিষ্কার পানি ব্যবহারের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে কয়েকটি মুদি দোকানে লেবেলবিহীন পণ্য বিক্রির বিষয়টিও নজরে আসে। বিএসটিআইয়ের লাইসেন্স ও লেবেলবিহীন পণ্য বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

এ ছাড়া বিএসটিআই কর্তৃক সম্প্রতি বিক্রয় নিষিদ্ধ ঘোষিত পণ্য, যেমন বাঘাবাড়ি ঘি বিক্রি না করার বিষয়েও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানকালে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা মোবাইল ভ্যানের মাধ্যমে পরীক্ষা করা হয়।

শনাক্ত হওয়া অসঙ্গতিগুলো আগামী ১৫ দিনের মধ্যে সংশোধনের জন্য বাজারের মালিক সমিতিকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব অসঙ্গতি সংশোধন করা না হলে পরবর্তী অভিযানে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক বি. এম. রুহুল আমিন রিমনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ, নিরাপদ খাদ্য অফিসার মেহরীন যারীন তাসনিম, মনিটরিং অফিসার আসলাম উদ্দীন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করেন।

সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ