চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট, ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের নগরের ২ নম্বর গেইট নাসিরাবাদ এলাকায় সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উপকরণ সংরক্ষণ, জীবিত ও মৃত তেলাপোকার বিচরণ, কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে রাখা এবং মেয়াদোত্তীর্ণ মোরব্বা সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে এ জরিমানা করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, রেস্তোরাঁটির ডালডা, কিচমিচ, দুধ, মোরব্বা, তেল, মশলা ও রুটি তৈরির খামিসহ বিভিন্ন খাদ্য উপকরণের মধ্যে ও আশপাশে জীবিত ও মৃত তেলাপোকা এবং ছাড়পোকা বিচরণ করছে। এ ছাড়া রান্নাঘরের ফ্লোর স্যাঁতসেঁতে ও টাইলস ভাঙা অবস্থায় পাওয়া যায়।

অভিযানে আরও দেখা যায়, ফ্রিজারে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছে। পাশাপাশি পোড়াতেল ও মেয়াদোত্তীর্ণ মোরব্বা সংরক্ষণ এবং অননুমোদিত ঘি ব্যবহার করে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। বিরিয়ানি তৈরিতে অত্যন্ত ক্ষতিকর কেওড়াজল ব্যবহারের বিষয়টিও অভিযানে উঠে আসে। প্রতিষ্ঠানটির হালনাগাদকৃত ট্রেড লাইসেন্সও ছিল না।

এসব অনিয়ম ও অসঙ্গতির কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৮ ও ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পাঁচলাইশ থানা, সিএমপি, চট্টগ্রামের একটি দল সহযোগিতা করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ