বাজার অভিযান: ৩৯ জেলায় ১০৬ প্রতিষ্ঠানকে ১১ লাখ ৪১ হাজার টাকা জরিমানা

পণ্যের মূল্য পরিস্থিতি, মূল্যতালিকা প্রদর্শন, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল-ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রি বন্ধে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় বাজার তদারকি করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগরসহ দেশের ৩৯টি জেলায় অধিদপ্তরের ৪৯টি টিম এ তদারকি কার্যক্রম পরিচালনা করে। এ সময় ১০৬টি প্রতিষ্ঠানকে মোট ১১ লাখ ৪১ হাজার টাকা জরিমানা করা হয়। আদায়কৃত জরিমানার পরিমাণও ১১ লাখ ৪১ হাজার টাকা।

অধিদপ্তরের তদারকি কার্যক্রমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছে কি না, ওজন ও পরিমাপে কারচুপি হচ্ছে কি না এবং মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল পণ্য বিক্রি করা হচ্ছে কি না, এসব বিষয় যাচাই করা হয়।

এ ছাড়া ব্যবসায়ীদের মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত থাকা, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং পণ্য ক্রয়-বিক্রয়ের সময় রশিদ সংরক্ষণ ও প্রদানের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তদারকির সময় ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

তদারকি কার্যক্রমে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

অধিদপ্তর ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে হালনাগাদ ও সঠিক মূল্যতালিকা প্রদর্শন, ধার্যকৃত মূল্যের বেশি দাম না নেওয়া, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত থাকা এবং নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনা, কেনার আগে মূল্যতালিকা যাচাই করা, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং পণ্যের সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে পণ্য কেনার পরামর্শ দেওয়া হয়েছে।

পণ্য কিনে প্রতারিত হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ