
ঢাকার শাহজাহানপুর এলাকায় একটি পেট্রোল পাম্পে প্রতি ১০ লিটারে ৮০ মিলিলিটার কম তেল দেওয়ার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে সংশ্লিষ্ট পেট্রোল ডিসপেন্সিং ইউনিটটি সিলগালা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগিতায় শাহজাহানপুর এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান চালানো হয়।
অভিযানে রাজারবাগ সার্ভিস স্টেশন, ৯৫৯/১, আউটার সার্কুলার রোড, রাজারবাগ, শাহজাহানপুরের জ্বালানি তেলের পরিমাপ যাচাই করা হয়। এ সময় একটি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটার তেল পরিমাপে ৮০ মিলিলিটার কম পাওয়া যায়।
পরে পরিমাপ সঠিক করার জন্য সংশ্লিষ্ট ইউনিটটি সিলগালা করে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানকালে মালিবাগের জিলু বিপনী কেন্দ্রের মেসার্স হাফছা স্টোর, ১০২৭/১৫-এর ওজনযন্ত্রও পরীক্ষা করা হয়। পরীক্ষায় ওজনযন্ত্রটি সঠিক পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয় এবং ভেরিফিকেশন সনদ হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ডিএমআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. হাসিবুর রহমান এবং বিএসটিআই ঢাকার ফিল্ড অফিসার (সিএম) আজমির খান মজলিশ।
