
রাজধানীর মতিঝিলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, লেবেলবিহীন ঘি ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে হীরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার (৭ অক্টোবর) মতিঝিলের ২২, বাণিজ্যিক এলাকায় অবস্থিত হীরাঝিল হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে হোটেলটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। রান্নাঘরের মেঝে নোংরা ও স্যাঁতসেঁতে ছিল। এ ছাড়া ঢাকনাবিহীন অবস্থায় ময়লার পাত্র রাখা ছিল।
মোবাইল কোর্টের দল আরও দেখতে পায়, হোটেলটিতে কোনো ধরনের লেবেলবিহীন ঘি সংরক্ষণ ও ব্যবহার করা হচ্ছে। খাদ্যকর্মীদেরও কোনো ধরনের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ব্যবহার করতে দেখা যায়নি।
এ ছাড়া হোটেল কর্তৃপক্ষ পানি পরীক্ষার সনদ ও পেস্ট কন্ট্রোলের প্রমাণক দেখাতে ব্যর্থ হয়।
এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী হীরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সহায়ক কর্মী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিল।
