সবজি দিয়ে সাবুদানা খিচুড়ি তৈরির সহজ রেসিপি

সাবুদানা দিয়ে তৈরি খিচুড়ি সহজেই ঘরে বানানো যায়। সঙ্গে বিভিন্ন রকম সবজি, জিরা, কাঁচা মরিচ ও লেবুর রস যোগ করলে স্বাদ ও সুগন্ধ বাড়ে। সকালের নাশতা কিংবা বিকেলের হালকা খাবার হিসেবে রাখতে পারেন এই পদ।

প্রস্তুতি ও রান্না: প্রায় ৩০–৪০ মিনিট (সাবুদানা ভেজানোর সময় বাদে)

পরিবেশন: ২–৩ জন

উপকরণ

* সাবুদানা- ১ কাপ

* ছোট কিউব করে কাটা বিভিন্ন সবজি- ১ কাপ

* ঘি বা সাদা তেল- ২ টেবিল চামচ

* গোটা জিরা- ১ চা-চামচ

* আদাকুচি- আধা চা-চামচ

* কাঁচা মরিচকুচি- ২–৩টি

* লবণ- স্বাদমতো

* চিনি- আধা চা-চামচ

* কারিপাতা- ১০–১২টি

* লেবুর রস- ১ টেবিল চামচ

* ধনেপাতাকুচি- ৩ টেবিল চামচ

প্রণালি

১. সাবুদানা ভিজিয়ে নিন

সাবুদানা ৩–৪ বার ভালো করে ধুয়ে ৪–৫ ঘণ্টা বা সারা রাত ভিজিয়ে রাখুন। পানি ঝরিয়ে নিন। দানাগুলো নরম হবে, তবে ঝরঝরে থাকবে।

২. সবজি ভেজে নিন

কড়াইয়ে ঘি বা তেল গরম করে সামান্য লবণ দিয়ে কাটা সবজিগুলো হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন।

৩. ফোড়ন দিন

একই কড়াইয়ে গোটা জিরা, আদাকুচি ও কাঁচা মরিচকুচি দিয়ে ফোড়ন দিন। সুগন্ধ বের হলে ভেজে রাখা সবজি আবার কড়াইয়ে দিন।

৪. সাবুদানা রান্না করুন

সাবুদানার সঙ্গে লবণ ও চিনি মিশিয়ে কড়াইয়ে ঢেলে দিন। মাঝারি থেকে কম আঁচে হালকা হাতে নাড়তে থাকুন, যাতে দানাগুলো একসঙ্গে লেগে না যায়।

৫. শেষ ধাপ

২–৩ মিনিট নাড়ার পর সাবুদানা স্বচ্ছ হতে শুরু করলে ঢেকে একেবারে কম আঁচে ২ মিনিট দমে রাখুন। এরপর লেবুর রস, কারিপাতা ও ধনেপাতাকুচি দিয়ে আলতো করে মিশিয়ে চুলা বন্ধ করুন।

পরিবেশনের পরামর্শ

গরম গরম সাবুদানা খিচুড়ি পরিবেশন করুন। চাইলে পাশে লেবুর টুকরা বা টক দই রাখতে পারেন।

রান্নার টিপস: সাবুদানা যেন অতিরিক্ত নরম হয়ে দলা পাকিয়ে না যায়, সে জন্য ভেজানোর পর পানি ভালোভাবে ঝরিয়ে নিন। রান্নার সময় বেশি পানি দেবেন না এবং সাবুদানা স্বচ্ছ হয়ে এলে অতিরিক্ত রান্না করা এড়িয়ে চলুন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ