অভিযানে জেলি মেশানো ৪০ কেজি চিংড়ি ধ্বংস করা হয়

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নেতৃত্বে রাজধানীর মিরপুর-১ এলাকার শাহ আলী কাঁচাবাজারে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি মিশিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪০ কেজি চিংড়ি জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পাশাপাশি কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি করপোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

অভিযান চলাকালে একটি দোকানে অসুস্থ খাসির কলিজা বিক্রি করতে দেখা যায়। পরে যথাযথ পরীক্ষণের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সেটিও জব্দ করে ধ্বংস করা হয়।

এ ছাড়া অধিকাংশ মাছ, মাংস ও সবজির দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি। পাশাপাশি কয়েকটি মাছ ও মাংসের দোকানে লাল রঙের আলোর ব্যবহার লক্ষ্য করা গেলে তাৎক্ষণিকভাবে সেগুলো অপসারণের ব্যবস্থা করা হয়।

অভিযানে চিহ্নিত অনিয়মগুলো আগামী ৩০ দিনের মধ্যে সংশোধনের জন্য বাজার মালিক সমিতিকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব অনিয়ম দূর না হলে পরবর্তী অভিযানে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক বি. এম. রুহুল আমিন রিমন। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তারা উপস্থিত থেকে অভিযান পরিচালনা, তদারকি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ