লাইসেন্স ছাড়াই পাউরুটি উৎপাদন করায় লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে লাইসেন্স ও নিবন্ধন ছাড়াই পাউরুটি উৎপাদন, মোড়কজাত, সংরক্ষণ এবং বাজারজাত করার অভিযোগে একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৮ জুলাই ২০২৬) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, রূপগঞ্জ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ), নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে ওয়াং ওয়াং ফুড কোং লিমিটেড-এর কারখানায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় লাইসেন্স ও নিবন্ধন ছাড়াই পাউরুটি মোড়কজাত, সংরক্ষণ ও বাজারজাত করছে। এছাড়া কারখানায় বিপুল পরিমাণ লেবেলবিহীন বিভিন্ন খাদ্য উপকরণ সংরক্ষণ করা হয়েছে। খাদ্যপণ্য সরাসরি মেঝেতে রাখা এবং অনিবন্ধিত খাদ্যপণ্যের বিপুল সংখ্যক লেবেলও পাওয়া যায়।

এসব অপরাধে প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার দোষ স্বীকার করলে সহকারী কমিশনার (ভূমি), রূপগঞ্জ, নারায়ণগঞ্জ মুহাম্মদ মারজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নুরুল ইসলাম, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এবং অন্যান্য সহায়ক কর্মীরা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশের একটি চৌকস দল।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ