বিস্কুটের মোড়কে ওজন বিভ্রান্তি, নাবিস্কোকে ২ লাখ টাকা জরিমানা

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বিস্কুটের মোড়কে উল্লেখিত ওজনের সঙ্গে প্রকৃত ওজনের অসঙ্গতি এবং বিভ্রান্তিকর লেবেল ব্যবহারের অভিযোগে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেড-কে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

২ জুলাই বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগিতায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের মোড়কে নিবন্ধন সনদ অনুযায়ী ওজন যাচাই করা হয়। যাচাইয়ে দেখা যায়, মোড়কে উল্লেখিত তথ্য অনুযায়ী ওজন পরিমাপ করলে বিভিন্ন পণ্যে নির্ধারিত ওজনের চেয়ে কম পাওয়া যায়। এছাড়া একই পণ্যের মোড়কের সামনে ও পেছনের লেবেলে ভিন্ন ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৪(৪১) ধারায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত থেকে প্রতিষ্ঠানটিকে মোড়কে উল্লেখিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য বিক্রয় ও বিতরণের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন সুমাইয়া আফরোজ লিজা (সিএম)। এছাড়া পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমামও অভিযানে অংশ নেন।

সূত্র: বিএসটিআই

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ