যাত্রাবাড়ীতে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা, ৫ ইউনিট বন্ধ

ঢাকার যাত্রাবাড়ীতে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে অনিয়ম পাওয়ায় ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে তেল সরবরাহের পাঁচটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকায় ডিএমপির সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে সায়েদাবাদের ৮/৬, বি নম্বরের পৌর ফিলিং স্টেশনে জ্বালানি তেলের পরিমাপ যাচাই করা হয়। এ সময় পাঁচটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে প্রতি ১০ লিটার তেলে নির্ধারিত পরিমাণের চেয়ে যথাক্রমে ৫৩০, ৩৩০, ৩০০, ৩৪০ ও ৩২০ মিলিলিটার কম পাওয়া যায়।

এ অনিয়মের কারণে ফিলিং স্টেশনের পাঁচটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিটি ইউনিটের পরিমাপ দ্রুত সঠিক করার নির্দেশ দেওয়া হয়।

অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ঢাকার ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল আলম এবং পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন) মিলন হোসেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ