
চট্টগ্রাম মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমদানিকৃত কসমেটিকস পণ্য প্রয়োজনীয় বিএসটিআই ছাড়পত্র ছাড়াই বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্য জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিএসটিআইর বিভাগীয় অফিস, চট্টগ্রামের উদ্যোগে মহানগরীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ ব্যবস্থা নেওয়া হয়।
বিএসটিআই জানায়, কোহিনুর সিটি শপিং মল, দামপাড়ায় অবস্থিত Toupe Notch নামের প্রতিষ্ঠানে আমদানিকৃত কসমেটিকস পণ্য বিএসটিআইয়ের প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া বিক্রি করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে বিক্রয়ের জন্য রাখা স্কিন ক্রিম, ফেসওয়াশ, শ্যাম্পু ও লিপস্টিকসহ বিভিন্ন কসমেটিকস পণ্য জব্দ করে জেলা প্রশাসন, চট্টগ্রামের হেফাজতে রাখা হয়।
একই মার্কেটের Zahra Rose নামের প্রতিষ্ঠানকে আমদানিকৃত কসমেটিকস বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান প্রতিপালনের জন্য সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির বডি লোশন, স্কিন ক্রিম, ফেসওয়াশ ও শ্যাম্পুসহ বিভিন্ন কসমেটিকস পণ্য জব্দ করে জেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়।
অন্যদিকে, একই মার্কেটের Guerniss প্রতিষ্ঠানের উৎপাদিত ও বাজারজাত স্কিন কেয়ার, আই কেয়ার ও মেকআপ পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের বাধ্যতামূলক সিএম লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ হালনাগাদ থাকায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা পারভীন তানিয়া। অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রামের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. হাসিবুল হাসান এবং পরীক্ষক (মেট্রোলজি) মো. রাশেদ প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সূত্র: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)
