
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন এবং অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ রাসায়নিক ব্যবহার করার দায়ে OK সুইটস অ্যান্ড বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি সামগ্রী প্রস্তুত এবং খাদ্যপণ্যে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর (প্রসিকিউটর) মো. ছফিউর রহমান ভূঞা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত জানায়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সূত্র: দৈনিক দেশবার্তা নিউজ
